নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল চেকআপ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন।আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, আলোচনা সভা এবং তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হবে।
এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের রক্তের গ্রুপ জানার সুযোগ তৈরি করা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আয়োজকদের মূল লক্ষ্য।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেগম রোকেয়ার নারী শিক্ষা, অধিকার, আত্মনির্ভরতা ও মানবিক মূল্যবোধের আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে রক্তদাতা সংগ্রহ ও সহযোগিতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকরা জানান, বেগম রোকেয়ার আদর্শকে শুধু স্মরণ নয়, বরং মানবসেবার মাধ্যমে বাস্তবায়ন করাই তাদের উদ্দেশ্য। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
“মানবতার সেবায়, সবসময় পাশে”—এই স্লোগানকে সামনে রেখে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।