হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে SSC ব্যাচ ২০১৮ কর্তৃক আয়োজিত ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর জমজমাট গ্র্যান্ড ফাইনাল। শনিবার (২৮ নভেম্বর) রাণীগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় SSC ব্যাচ–২০১৮ ও SSC ব্যাচ–২০২২। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে SSC ব্যাচ–২০১৮ এবং রানার্সআপ হয় SSC ব্যাচ–২০২২।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাওলানা আবুল খায়ের শানু।
বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, রাণীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মো. মাসুক মিয়া, মাওলানা মখলিছুর রহমান আল কাদরী, খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবী, কে. এম. হেলাল উদ্দিন, আশিকুর রহমান চৌধুরী, কে. এম. আজমান মিয়া ও আজিজুর রহমান রুমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষক, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।
আয়োজক কমিটি জানায়, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের সফল সমাপ্তিতে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, খেলোয়াড়, আয়োজক, স্বেচ্ছাসেবক ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খেলা পরিচালনা কমিটির সদস্যরা।
আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ ঐক্যবদ্ধ হবে এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসবে।
স্লোগান: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।