দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মনিংসান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে গজারিয়া উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে এসব অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
কর্মসূচি চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচিতে গজারিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদেরও সক্রিয় অংশগ্রহণ ছিল।