হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধপূর্ণ বিষয় নিষ্পত্তি, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা আরও সহজলভ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান। তাই গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে এ সেবার সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।