বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’-এর আওতায় দাখিল করা প্রকল্প নির্বাচিত না হওয়ায় পুনর্মূল্যায়নের আবেদন করেছেন মানিকগঞ্জের হরিরামপুরের নারী উদ্যোক্তা রুমা আক্তার। একই সঙ্গে সাক্ষাৎকার প্রক্রিয়া পর্যালোচনা, মূল্যায়নের মানদণ্ড ও সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানানোর দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে (এফআইসিএসডি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেন তিনি। আবেদনটির গ্রহণকৃত কপিও তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।
রুমা আক্তার হরিরামপুর উপজেলায় ‘আমব্রেলা ইনস্টিটিউট অব আইটি’ নামে একটি আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন করেছিলেন। তাঁর দাবি, প্রকল্পটি কেবল কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং স্থানীয় তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি এবং স্থানীয় জনগণ ও প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করার একটি বহুমুখী উদ্যোগ।
পুনর্মূল্যায়নের আবেদনে রুমা আক্তার উল্লেখ করেন, প্রকল্পটির ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী তাঁর ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনার কথা ছিল। প্রস্তাবিত প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তাঁর স্বামীর, যাঁর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ খাতে এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
তাঁর অভিযোগ, সাক্ষাৎকারে প্রকল্পটির সামগ্রিক সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা, আর্থিক সক্ষমতা, বাস্তবায়ন কৌশল কিংবা কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পাননি। সাক্ষাৎকারে মূলত উদ্যোক্তার পরিচয়, উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং গ্রাফিক ডিজাইন কী—এ ধরনের দুই থেকে তিনটি প্রশ্ন করা হয়েছিল।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, সাক্ষাৎকার বোর্ডে তাঁর স্বামী কেন উদ্যোক্তা হিসেবে আবেদন করেননি, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বামীর তুলনামূলক বেশি বয়সের কথা জানান এবং নিজে নারী উদ্যোক্তা হিসেবে আবেদন করার বিষয়টি ব্যাখ্যা করেন। তাঁর স্বামী প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান। এ সময় তাঁর স্বামীকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করতে এবং ৭ শতাংশ সুদে ঋণ নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
রুমা আক্তারের প্রশ্ন, একজন নারী উদ্যোক্তার ব্যবসায়িক পরিকল্পনায় যদি অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক নিয়োগের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকে, তাহলে উদ্যোক্তাকে ব্যক্তিগতভাবে কারিগরি প্রশ্নের মাধ্যমে যাচাই করাই কি প্রকল্পের সক্ষমতা মূল্যায়নের একমাত্র উপায়? তাঁর মতে, উদ্যোক্তার ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রস্তাবিত প্রশিক্ষকের কারিগরি অভিজ্ঞতাও মূল্যায়নে বিবেচনা করা প্রয়োজন।
আবেদনে সাক্ষাৎকারের দিন পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, প্রকল্পের কারিগরি ও ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার উদ্দেশ্যে তিনি ও তাঁর স্বামী সেখানে যান। কিন্তু প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।
পুনর্মূল্যায়নের আবেদনে তিনি প্রকল্পের পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ ও আর্থিক সক্ষমতা, বহুমুখী আয়ের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা পুনরায় পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি প্রস্তাবিত প্রধান প্রশিক্ষকের অভিজ্ঞতা বিবেচনা, প্রয়োজনে পুনরায় সাক্ষাৎকার গ্রহণ এবং প্রকল্পটি নির্বাচিত না হওয়ার ক্ষেত্রে মূল্যায়নের মানদণ্ড, প্রাপ্ত নম্বর ও সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানানোর দাবি করেছেন।
রুমা আক্তার বলেন, তাঁদের আবেদন কোনো ব্যক্তি বা নির্বাচিত উদ্যোক্তার বিরুদ্ধে নয়। তাঁরা চান, প্রকল্পটির বাস্তব সম্ভাবনা ও যোগ্যতা নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হোক। হরিরামপুরের মতো প্রান্তিক উপজেলায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।