পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের সি.ও. অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল। জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পলাশ মাহমুদসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতারা।
আহ্বায়ক মারুফ হাসান বলেন, গত সাড়ে ১৭ বছর ধরে তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। এ সময়ে কোনো বাস, ঘরবাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেননি। তাঁদের রাজনৈতিক নেতৃত্ব এমন আদর্শে বিশ্বাসী নয়। অন্যদিকে আওয়ামী লীগ অতীতেও অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, দলে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে দেখা গেলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইনসম্মতভাবেই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।
সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
সমাবেশে জেলা, পৌর ও সদর উপজেলা যুবদলসহ বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।