ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে মতিলাল (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের দিয়ারাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মতিলাল ভারতের মালদা জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিলাল স্বীকার করেছেন যে তিনি ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত দালাল চক্রের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহের উদ্দেশ্যেও তার এই অনুপ্রবেশ ছিল বলে বিজিবি জানিয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।