হরতাল ও লকডাউনের সমর্থনে ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ মিছিল বের করা হয়। তবে মিছিলটি আজকের কিনা তা নিয়ে সত্যতা পাওয়া যায়নি
প্রায় তিন মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল শোভাযাত্রার সামনের দিকে পতাকা হাতে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। এ সময় তাঁকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। তাঁর পেছনে সারিবদ্ধভাবে শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
ভিডিওতে আরও দেখা যায়, মোটরসাইকেল শোভাযাত্রা শেষে কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল থেকে নেমে সড়কে হেঁটে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।