মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে বিএনপি নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বারান্দায় রাখা ধান, খাটের মশারি ও তোশক পুড়ে গেছে। আগুনের তাপে বাড়ির এক সদস্যের পরনের গেঞ্জিতেও আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্য ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাড়িটি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মতিউর রহমান ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মতিউরের বাবার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে ঘরের বারান্দায় গিয়ে ধানের গোলায় আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মতিউর রহমান জানান, রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে বাড়িতে আগুন দেওয়া হয়। বাবার চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাইরে এসে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। আগুনে তাঁর বাবার পরনের গেঞ্জি পুড়ে যায়। এ ছাড়া বারান্দায় রাখা ধান, খাটের মশারি ও তোশক পুড়ে গেছে।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।