নওগাঁর পোরশায় ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার নিতপুর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভার্চুয়ালি মোবাইলের মাধ্যমে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম (গামা), শিক্ষক মো. শরিফুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, যুবদল নেতা মো. আব্দুল রাকিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কৃষক, খাদ্যগুদামের কর্মচারী ও সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ও চাল সংগ্রহ করা হবে। এ বছর পোরশা উপজেলায় ৭৬৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

অন্যদিকে, ৪৯৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল কবীর।

কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে সরকারি খাদ্য মজুত বাড়ানোর পাশাপাশি কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।