সকালে স্বপ্ন ছিল কলেজে পৌঁছানোর, কিন্তু সেই পথে আর ফেরা হলো না ১৮ বছরের তরুণী সুমাইয়া আক্তারের। পরিবারের আশা-ভরসা আর নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে অটোরিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন তিনি। কিন্তু নবীনগর বাসস্ট্যান্ডে মুহূর্তের এক ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ। দ্রুতগতির মটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়েন সুমাইয়া। এরপর নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার ৯ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা হন সুমাইয়া। নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সুমাইয়া।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্তি নাথ দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুমাইয়ার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে চলছে শোকের মাতম। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।