ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও কন্যা শিশুকে নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যার বেশ কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি নেলি আক্তারের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক শামীমা সিকদার দীনা।
লিখিত বক্তব্যে শামীমা সিকদার দীনা বলেন, সমাজের পছিয়ে পড়া জনগোষ্ঠী, দারিদ্রতা, পারিবারিক ও সামাজিক সচেতনতার অভাবেই এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রুখতে সকলকে সচেতন হবার পাশাপাশি বিচার ও সুরক্ষা নিশ্চিতসহ বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। তিনি বলেন, জেলার সদর উপজেলা, আখাউড়া উপজেলা ও নবীনগর উপজেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটছে। দারিদ্র্য, পারিবারিক অসচেতনতা, যৌথ পরিবারের নানা জটিলতা এবং মধ্য ও উচ্চবিত্ত পরিবারের মধ্যে পরকীয়া ও অহংকারবোধকে এসব ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারী ও কন্যা শিশুদের প্রতি নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যার বেশ কয়েকটি উদ্বেগজনক ঘটনা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল নবীনগরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়, ২৮ এপ্রিল আশুগঞ্জ উপজেলার বাগানবাড়ি এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করা হয়, ৩০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
সবচেয়ে মর্মান্তি ঘটনা ঘটে ২৫ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আদিলদিল গ্রামে। ওইদিন ৭ বছর বয়সী শিশু মাহিদা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরোধকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়াও নাসিরনগর উপজেলার একটি ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা এবং ৭ অক্টোবর একটি মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসম্বের) পর্যন্ত ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন এলাকায় তরুণ প্রজন্মসহ নারী ও পুরুষের সাথে মতবিনিময়, আলোচনা সভা, প্রশাসন ও আইনজীবীদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ, পোস্টার অঙ্কন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি গীতা রায়, প্রচার সম্পাদক কোহিনুর আক্তার প্রিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাছুমা খানম, আন্দোলন সম্পাদক রতন দাস, সদস্য লাবনী রানী দাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।