কাপ্তাই হ্রদের পানি সময়মতো না কমায় রাঙামাটির লংগদু উপজেলার হাজারো কৃষকের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। বোরো ধান, সরিষা ও তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। দ্রুত পানি না কমলে চলতি মৌসুমে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। গত বছরও একই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এ অঞ্চলের অনেক কৃষক।
সরেজমিনে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপৎসীমা ১০৮ ফুট এমএসএল। সর্বশেষ গত সেপ্টেম্বরে হ্রদের পানি ১০৫ দশমিক ৫১ ফুটে পৌঁছালে জলকপাট খোলা হয়েছিল। এরপর পানি কমতে থাকায় হ্রদের বিভিন্ন স্থানে চর জেগে উঠতে শুরু করে। এতে কৃষকরা নতুন মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি আবারও প্রায় এক ফুট বেড়ে যায়। এতে বিভিন্ন এলাকার বীজতলা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি চাষাবাদ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
কৃষকদের প্রত্যাশা ছিল, এ সময়ে হ্রদের পানি আরও কমবে এবং তাঁরা নির্বিঘ্নে জমি প্রস্তুত করে বীজতলা তৈরি করতে পারবেন। কিন্তু পানি কমার পরিবর্তে বেড়ে যাওয়ায় অনেকের বীজতলা নষ্ট হচ্ছে। দ্রুত পানি কমানো না হলে শুধু বীজতলাই নয়, পুরো মৌসুমের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার সোনারগাঁও ও ডিপুরমুখ এলাকার তরমুজচাষিরা জানান, ঋণ ও ধারদেনা করে তাঁরা চাষাবাদে নেমেছেন। কেউ দুই থেকে তিন লাখ টাকা দিয়ে জমি ভাড়া নিয়েছেন, আবার কেউ আড়ত থেকে এক-দুই লাখ টাকা অগ্রিম নিয়ে চাষ শুরু করেছেন। এ অবস্থায় পানি বেড়ে বীজতলা নষ্ট হওয়ায় তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন। দ্রুত হ্রদের পানি আরও অন্তত পাঁচ ফুট কমানোর দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় বিনিয়োগ করা অর্থ হারিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসার আশঙ্কা করছেন অনেকেই।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, গত বছরও উপজেলার অনেক কৃষক কাপ্তাই হ্রদের পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমলে কৃষকদের বড় ধরনের বিপাকে পড়তে হবে। ইতিমধ্যে সরিষা ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা প্রস্তুত করতে পারেননি অনেক কৃষক। কৃষকদের স্বার্থে দ্রুত পানি কমানো প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি কমানোর বিষয়টি এখন আর তাঁর নিয়ন্ত্রণে নেই। যেভাবে পানি কমছে, সেভাবেই কমতে থাকবে। কৃষকদের ক্ষতির বিষয়ে তিনি বলেন, গত বছর এ সময়ে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ ফুট এমএসএল, বর্তমানে রয়েছে ১০০ ফুট এমএসএল।
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, হ্রদের পানি দ্রুত কমে যাবে। বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সদ্য জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকদের আশঙ্কা, সময়মতো হ্রদের পানি না কমলে চলতি মৌসুমের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে শুধু কৃষকের ব্যক্তিগত ক্ষতিই নয়, স্থানীয় কৃষিনির্ভর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ফসলের মৌসুম ও কৃষকদের বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।