বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।