বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
জানা যায়, প্রথমে উজিরপুর বাজার থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।
বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। গ্রামীণ অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি কাজ করেছেন। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, একজন সরকারি কর্মকর্তাকে দীর্ঘদিন একই কর্মস্থলে রাখা সম্ভব নয়, তা তারা জানেন। তবে উজিরপুরে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে ইউএনও আলী সুজাকে আরও কিছুদিন দায়িত্বে রাখা প্রয়োজন। এ সময় তারা অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
পরে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামের অনুরোধে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে মানববন্ধন অব্যাহত রেখে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।