হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের অভিযানে পরিত্যক্ত একটি ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় ৫০টি কাঠের বল্লী জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের পরিমাণ ৫০০ দৈর্ঘ্যফুট।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কালেঙ্গা রেঞ্জাধীন কালেঙ্গা বিটের হরিণমারা ক্যাম্পের আওতাধীন আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগের নির্দেশনায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় ১০ ফুট দৈর্ঘ্যের ৫০টি বল্লী উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫০০ দৈর্ঘ্যফুট।
অভিযানটি সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান ও কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, বিটের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান ও ভিলেজাররা অংশগ্রহণ করেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।