শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিতসহ চার দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে জাতীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদের ভিত্তিতেই তা হতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না করে কোনো রাজনৈতিক সংলাপ অর্থবহ হতে পারে না।
তিনি বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে অতীতের রাজনৈতিক ভুল স্বীকার করে গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত। তিনি জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
সমাবেশ শেষে নিউ মার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোতোয়ালী ও লালদীঘি এলাকা প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।