নওগাঁয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি ও প্রতারণা করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘ ৩৬ ঘণ্টার একটানা অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম (রিপন) ও তাঁর স্ত্রী মালিহা তাবাসসুম নিশিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
মামলার বিবরণ ও জালিয়াতির কৌশল:
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার ও মামলার বাদী মো. ফয়জুল ইসলাম (৪৪) থানায় এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭) নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া এলাকার মো. আবুল হাসানের ছেলে এবং ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক। ওই সুবাদে ২০১৫ সালে তাঁর অনুকূলে ১ লাখ টাকা সীমার ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করা হয়।
অভিযুক্ত শহিদুল ইসলাম পূবালী ব্যাংক পিএলসি-র এটিএম/সিআরএম বুথ ব্যবহার করে এনপিএসবি (NPSB) নেটওয়ার্কের মাধ্যমে ৫টি হিসাব নম্বরে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করলেও পরবর্তীতে তা বাড়িয়ে অনুমোদিত সীমার অতিরিক্ত প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা করে সরাতে শুরু করেন। গত বছরের জুন মাস থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত প্রায় ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে তিনি ও তাঁর সহযোগীরা সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন।
পুলিশের বিশেষ অভিযান ও গ্রেপ্তার:
ঘটনাটি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। এরপর নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম এক্সপার্ট মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং ডিবি ইনচার্জ মো. হাসিবুর রহমানের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়।
গঠিত টিমটি সরাসরি অভিযানে অংশ নিয়ে একটানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় সফল অভিযান পরিচালনা করে। অভিযানে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম রিপন ও তাঁর স্ত্রী মালিহা তাবাসসুম নিশিকে (২৮) গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ:
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় শয়নকক্ষের কাঠের আলমারিতে ব্যাগে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধকাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে তাঁরা বগুড়ায় জমি কিনেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করে আসছিলেন।
পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই চাঞ্চল্যকর জালিয়াতির সাথে ব্যাংকের ভেতরে বা বাইরে অন্য কোনো চক্র বা ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও কঠোরতার সাথে তদন্ত করে দেখা হচ্ছে।