সুস্থ ও সুন্দর জীবনযাপনে নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং মানসিক প্রশান্তিও এনে দেয়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের সুস্থ ও সবল রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবারই প্রতিদিন অন্তত কিছু সময় শরীরচর্চার জন্য বরাদ্দ রাখা উচিত।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রবীণ নাগরিকদের নিয়ে নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণবিষয়ক সংগঠন ‘গুডমর্নিং বোদা’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুস্থতার পথে একসঙ্গে প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিমন্ত্রী নিজেও প্রবীণ নাগরিকদের সঙ্গে শরীরচর্চা ও সুস্থ থাকার বিভিন্ন কসরতে অংশ নেন। এ সময় তিনি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণ ও শরীরচর্চায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
গুডমর্নিং বোদা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বয়সী নাগরিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণের মাধ্যমে সুস্থ জীবনযাপনে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।