মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (হেডকোয়ার্টার্স) সায়েদুর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ভবেরচর হাইওয়ে থানায় পৌঁছান। পরিদর্শনকালে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ, অবকাঠামোগত মান এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও সার্বিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।
এ সময় তিনি ভবেরচর হাইওয়ে থানার দৈনন্দিন কার্যক্রম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন ভবনের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। আধুনিক এই ভবনটি চালু হলে হাইওয়ে পুলিশের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করা হয়।
পরিদর্শনকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এবং ভবেরচর হাইওয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।