মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ময়না বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চঞ্চল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যদের হামলায় ময়না বেগম আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম মুঠোফোনে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যুর ঘটনায় চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।