হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবসায়িক স্থান নির্ধারণ করেছে দোহার উপজেলা প্রশাসন। এতে সাধারণ মানুষের চলাচলে সৃষ্ট দুর্ভোগ কমবে বলে আশা করছে প্রশাসন। লটারির মাধ্যমে নির্দিষ্ট স্থানে হকারদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে দোহার উপজেলা মিলনায়তনে হকারদের সঙ্গে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দোকানের স্থান ও সিরিয়াল নির্ধারণ করা হয়। প্রতিটি দোকানের জন্য ৫ ফুট বাই ৮ ফুট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ৫০ জন হকারের মধ্যে এ দোকান বরাদ্দ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম। সভায় জানানো হয়, প্রধান সড়ক থেকে হকারদের সরিয়ে পৌরসভার নির্ধারিত স্থানে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

হকারদের উদ্দেশে ইউএনও মো. মাইদুল ইসলাম বলেন, হকারদের রুটি-রুজির বিষয়টি বিবেচনা করেই বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে। তবে সাধারণ পথচারীদের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে দোকান পরিচালনায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি খাবারের দোকানের সামনে নির্দিষ্ট ময়লার বিন রাখতে হবে। কেউ অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করলে বা নির্ধারিত নিয়ম অমান্য করলে তাঁর দোকানের বরাদ্দ বাতিল করা হবে।

সভায় জানানো হয়, পুনর্বাসনের জন্য নির্ধারিত এসব স্থানের বিপরীতে পৌরসভা কোনো অতিরিক্ত ভাড়া নেবে না। কেউ অর্থ দাবি করলে বা অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানের বরাদ্দ বাতিল করা হবে। এ ছাড়া সরকারি প্রয়োজনে যেকোনো সময় বরাদ্দ করা স্থান পরিবর্তন করা হতে পারে।