সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন তাহিরপুর থানা পুলিশ, বিজিবি-২৮ ব্যাটালিয়নের লাউড়েরগড় বিওপি, ব্যাটালিয়ন আনসার ও ট্যাকেরঘাট নৌপুলিশের সদস্যরা। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের একজন প্রতিনিধিও অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে সীভ মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২১টি সীভ মেশিন জব্দ করা হয়। একই অপরাধে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি নৌযান আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটক দুটি স্টিলবডির মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের সুরক্ষা এবং সরকারি বিধিবিধান বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।