স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, "বিএনপি সরকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টর ঢেলে সাজাতে নিরলসভাবে কাজ চলছে।"
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী পাইকগাছা উপজেলার বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে তিনি পাইকগাছার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, "আগামী তিন মাস ধরে এই সেবা কার্যক্রমের মাধ্যমে এলাকার মায়েরা, ভাইয়েরা ও বয়স্ক মানুষেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ফ্রি ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জি এম আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সকালে পাইকগাছা বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম মনিরুল হাসান বাপ্পী। পরবর্তীতে তিনি গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এবং রাড়ুলী ইউনিয়ন ভুবনমোহনী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে তিনি আর.কে.বি.কে. হরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
বিকেল ৪টায় তিনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা-২০২৬'-এর উদ্বোধন করেন। এরপর বিকেলে কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের মার্কেটের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
মাগরিবের নামাজ শেষে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম মনিরুল হাসান বাপ্পী। এ সময় তিনি বলেন, "নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" পরে সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনি বাজারে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও ককটেল-পেট্রোল বোমা নিক্ষেপের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি।
কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় পাইকগাছায় ৩ মাসের ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।