নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) শহরের বিসিক শিল্প এলাকা ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের শুরুতে সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত এসএস ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে তদারকি করা হয়। সেখানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার বিশাল হোটেলে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে হোটেলটির ফ্রিজে গ্রাহকদের পরিবেশনের জন্য বাসি ও পচা খাবার মজুত রাখার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে হোটেল কর্তৃপক্ষকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খাদ্যপণ্যের মান যাচাইয়ের পাশাপাশি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গ্যাস সিলিন্ডার, সার, বীজ ও কীটনাশকের দোকানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্যতালিকা অনুসরণ, যথাযথ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া জেলা মার্কেটিং অফিসার অভিযানে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।