নওগাঁর মহাদেবপুর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুলহাঁস উদ্দিন সরদার ওরফে চঞ্চল (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬ খ্রি.) রাতে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত জুলহাঁস উদ্দিন সরদার মহাদেবপুর উপজেলার চক উজাল গ্রামের মৃত আব্দুল জব্বার সরদার ও মোছা. আলতা বানু দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার একটি আভিযানিক দল ১৩ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে পাহাড়পুর বাজারে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
মহাদেবপুর থানার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।