শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পত্নীতলা পল্লী বিদ্যুৎ-২ অফিসের পেছনে একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌউদ নওগাঁর মহাদেবপুর উপজেলার শহররায় গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই ভবনের বেলকুনিতে আরেক শিশুর সঙ্গে খেলছিল সৌউদ। এ সময় বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে থাকা একটি এসএস পাইপে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তার মা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তুলি পাল পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌউদকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) উৎপলকে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।