নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তার আর বেঁচে নেই। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অর্থাভাবে উন্নত চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, অর্থাভাবে যথাযথ চিকিৎসা করাতে না পারায় অকালে প্রাণ হারাতে হয়েছে আফরিনকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় তার মেয়ে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের কোমরসহ বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর আর্থিক সংকটের কারণে চিকিৎসা অসমাপ্ত রেখেই তাকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হন স্বজনরা।
এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে জাকির হোসেন, তার স্ত্রী সোনিয়া আক্তার এবং সোনিয়ার বোনের স্বামী মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার মেয়েকে দোষারোপ করা হয়েছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার মেয়ের শরীরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, মেয়ের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাদের ছিল না। চিকিৎসার খরচ বহন করা হলে হয়তো বিষয়টি নিয়ে মামলা পর্যন্ত যেতে হতো না। কিন্তু অর্থাভাবে মেয়েকে বাঁচাতে পারেননি। মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গরম পানি দিয়ে ঝলসে দেওয়া কিশোরীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।