সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা দায়েরের অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়ার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজনের দাবি, জমির বিরোধকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মামলায় জড়ানো হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে পল্লী চিকিৎসক খালেক মিয়া বলছেন, জমির মালিকানা ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এসব ঘটনার সূত্রপাত।
অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে সাতটি মামলার নথি পাওয়া গেছে। অন্যদিকে, বিরোধের অপর পক্ষের মোস্তফা কামালের দাবি, তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা করা হয়েছে। দীর্ঘদিনের এই বিরোধ, একাধিক মামলা এবং পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঙ্গালভিটা এলাকায় পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়া ও মোস্তফা কামালের মধ্যে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাড়ির পাশের জমি নিয়ে বিরোধের জেরেই পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানান তাঁরা।
মোস্তফা কামাল জানান, স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে গারো সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে তিনি জমি কিনেছেন। কিন্তু জমি কেনার পরও শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারছেন না বলে তাঁর অভিযোগ। জমির একাংশ নিয়ে বিরোধের কারণে প্রতিবছর ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, জমিতে চাষাবাদ করতে গেলেও বাধার মুখে পড়তে হয়। জমি নিয়ে প্রতিবাদ করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদেরও মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়া বলেন, মোস্তফা কামালের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। মূল বিরোধ জমির প্রকৃত মালিক রূপসরণ গারোকে কেন্দ্র করে। তাঁর দাবি, জমি নিয়ে সমঝোতা ও লেনদেনের অংশ হিসেবে মোস্তফা কামালকে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। পরবর্তী সময়ে জমি বুঝে পাওয়া এবং টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এ ছাড়া জমিসংক্রান্ত কাগজপত্র অনুযায়ী ২২ শতক জমির বিষয়ে তাঁর পাওনা রয়েছে বলেও দাবি করেন তিনি।
খালেক মিয়ার ভাই আবুল কালাম বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তিতে তাঁরা নিজেদের ন্যায্য অংশ চান। অন্যের জমি দখলের কোনো উদ্দেশ্য তাঁদের নেই। তবে পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়ানোয় তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, গত ১ সেপ্টেম্বর খালেক মিয়ার স্ত্রীকে মারধর এবং এতে তাঁর গর্ভপাতের অভিযোগে মোস্তফা কামালসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা কামাল। তাঁর দাবি, ঘটনার সময় তাঁর ছেলে ময়মনসিংহে অবস্থান করছিল এবং পরীক্ষায় অংশ নিচ্ছিল।
প্রতিবেদকের হাতে আসা চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনায় গর্ভপাতের ঘটনা নিশ্চিত করার মতো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে অভিযোগের সত্যতা নির্ধারণে যথাযথ তদন্তের প্রয়োজন রয়েছে।
মামলার সাক্ষী হিসেবে নাম আসা স্থানীয় ইউপি সদস্য আবদুল মোতালেব বলেন, তাঁকে তাঁর অজান্তে সাক্ষী করা হয়েছে বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তাঁর সরাসরি কোনো তথ্য নেই। তবে এলাকায় জমি নিয়ে বিরোধ এবং একাধিকবার সালিশ-বৈঠক হওয়ার কথা স্বীকার করেন তিনি।
স্থানীয় বাসিন্দা রফিকুল সরকারও একটি অগ্নিকাণ্ডের মামলায় তাঁকে আসামি করার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না; বাগলীতে অবস্থান করছিলেন।
মোস্তফা কামাল আরও জানান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ বিভিন্ন গ্রামের লোকজনের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। একপর্যায়ে জমি ও আর্থিক বিষয় নিয়ে সমঝোতার প্রস্তাবও এসেছিল বলে দাবি করেন তিনি।
সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বদলি হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা, পরিবারের সদস্যদের আসামি করার অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যে বাঙ্গালভিটা এলাকায় বিরোধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, জমির প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্ট অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে বিরোধের সুষ্ঠু সমাধান করা