নড়াইল সদর উপজেলার নলদীরপুর গ্রামে ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নুল শেখ (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নুল শেখ নলদীরপুর গ্রামের লতিফ শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি হিসেবে মেইন বিদ্যুৎ লাইন থেকে সংযোগ দিতে যান জয়নুল শেখ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নুল শেখের চার থেকে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্বজনেরা এখন শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট কন্যাসন্তানকে রেখে তার এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।