রংপুর নগরীতে দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ মেডিকেল মোড়সহ বিভিন্ন ব্যস্ত সড়কে দীর্ঘ সময় ধরে যানবাহনের জট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। যানজটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।
সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সড়কগুলোতে প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক অটোরিকশা নিয়ম-নীতি না মেনে সড়কের যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ছাড়া নিবন্ধনবিহীন অটোরিকশার চলাচলও যানজটের অন্যতম কারণ বলে অভিযোগ করছেন নগরবাসী।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতেও যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। ভোগান্তির শিকার যাত্রীরা জানান, অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের ওপর অটোরিকশার অবস্থান এবং মূল সড়কে অবৈধ যানবাহনের চলাচলের কারণে যানজটের মাত্রা বাড়ছে। এতে নির্ধারিত সময়ে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকেই।
নগরবাসীর অভিযোগ, যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। অবৈধ ও নিবন্ধনবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
রংপুর নগরীর ক্রমবর্ধমান যানজট থেকে জনসাধারণকে মুক্তি দিতে দ্রুত ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।