গাজীপুর নগরীতে দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গাজীপুর চৌরাস্তা মোড়সহ বিভিন্ন ব্যস্ত সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তীব্র এই যানজটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিক, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।
সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সড়কগুলোতে প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক অটোরিকশা নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কের যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানোয় যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। এ ছাড়া নিবন্ধনবিহীন অবৈধ অটোরিকশার অবাধ চলাচলও যানজট তৈরির অন্যতম প্রধান কারণ বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও অতিরিক্ত যানবাহনের চাপে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতেও যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা জানান, অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের ওপর অটোরিকশার অবৈধ স্ট্যান্ড এবং মূল সড়কে অনুমোদনহীন যানবাহনের চলাচলের কারণে যানজটের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে নির্ধারিত সময়ে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকেই।
নগরবাসীর মতে, যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের তৎপরতাই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অবৈধ ও নিবন্ধনবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। গাজীপুর নগরীর ক্রমবর্ধমান যানজট থেকে জনসাধারণকে মুক্তি দিতে দ্রুত ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।