স্ত্রীর দায়ের করা পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ঘোষিত বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান আখন্দ।
মামলার বাদী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া বন্ধ রাখেন। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। এ ছাড়া তার স্বামীর একাধিক বিয়ে এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগও করেন তিনি।
শাহীনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে স্বামীর কাছ থেকে কোনো খোঁজখবর বা আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। নিজের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মিজানুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।