পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন নিউজ পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন থ্রি-হুইলারের আরও পাঁচ যাত্রী।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম। তিনি অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী। নিহত অপরজন তাঁদের সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। এছাড়া সাকোয়া ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০) নিহত হয়েছেন।
আহতরা হলেন, সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সুমাইয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, শুক্রবার বিকেলে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।