‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, তিন দিনব্যাপী মেলা ও সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হয়েছে।

নগরীর খুলশীতে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির সদস্য ডা. সলিমুল্লাহ এবং চট্টগ্রাম মহানগর পিপি ও ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়াসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার দেশের চিকিৎসা ব্যবস্থায় আরও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে, যার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভার পূর্বে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালির নেতৃত্ব দেন তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরো বছর জুড়ে নিজ প্রচেষ্টায় সফলভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করায় ১০ জন রোগীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে তিন দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়; যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডায়াবেটিস রোগীরা অংশ নেন এবং সচেতনতামূলক বিভিন্ন স্টল ঘুরে দেখেন।