শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন। তবে একজন সন্তানের জীবনের প্রথম ও সবচেয়ে বড় শিক্ষক হলেন তার মা। তাই সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট বানানোর আগে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের বোদা পৌরসভার বর্ণমালা বিদ্যাপীঠের ১৪তম বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা নিঃসন্দেহে সম্মান ও মর্যাদার অধিকারী। তবে আমার বিবেচনায় সবার চেয়ে বড় শিক্ষক হলেন একজন মা। কারণ কথায় আছে, ‘তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।’ তাই একজন শিক্ষিত মা-ই পারেন তাঁর সন্তানকে সুশিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে।
তিনি আরও বলেন, আমরা এমন ডাক্তার চাই না, যিনি নৈতিকতা ভুলে চেম্বার বাণিজ্যে জড়িয়ে পড়বেন। এমন ইঞ্জিনিয়ার চাই না, যিনি কাজের মানের সঙ্গে আপস করবেন। এমন পাইলটও চাই না, যার হাতে আকাশপথে যাত্রীরা নিরাপদ বোধ করবেন না। একইভাবে দুর্নীতিগ্রস্ত আমলাও আমরা চাই না। তাই মায়েদের প্রতি আমার অনুরোধ, আপনারা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট যা-ই বানান না কেন, সবার আগে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। কারণ আমাদের সমাজে ভালো মানুষের বড়ই অভাব।
এ সময় তিনি বর্ণমালা বিদ্যাপীঠের সার্বিক খোঁজখবর রাখার আশ্বাস দেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বর্ণমালা বিদ্যাপীঠের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোবিনুল ইসলাম (কাজল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. মজিদা বেগম, বর্ণমালা বিদ্যাপীঠের উপদেষ্টা আব্দুল্লাহ আল জুবেরীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।