ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন এবং একই নামে উপজেলা করার উদ্যোগের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ ঘণ্টা পর প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবি সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।
রোববার সকাল ৬ টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ কর্মসূচি শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কেও যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা রেললাইনে স্লিপার ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েন।
অবরোধের খবর পেয়ে বেলা সোয়া ১১ টার দিকে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রোমা। তারা তিন দিনের মধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবির বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ও রেলপথ ছেড়ে যান।