শীতের আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। কিন্তু অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল এখন পরিণত হয়েছে শিকারিদের অভয়ারণ্যে। গ্যাস বড়ি ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি ও দেশীয় পাখি শিকার। এমনকি শিকার করা পাখি স্থানীয় হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের উত্তর পাশে এবং কালু ও বেলালের ইটভাটা সংলগ্ন বিল এলাকায় প্রকাশ্যে পাখি শিকারের চিত্র দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতের আঁধারেও চলছে পাখি শিকার। এ কাজে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় বক, পানকৌড়ি, বালিহাঁস, চা-পাখিসহ বিভিন্ন প্রজাতির অতিথি ও দেশীয় পাখি শিকার করা হচ্ছে। শিকারিরা গ্যাস বড়ি প্রয়োগ ও নানা ধরনের ফাঁদ ব্যবহার করে পাখি ধরছেন। পরে এসব পাখি স্থানীয় বাজারে পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে নির্বিচারে পাখি শিকার চলতে থাকলে একসময় এলাকার অনেক প্রজাতির পাখি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। কমে যাবে প্রাকৃতিক জলাভূমির জীববৈচিত্র্য। অথচ প্রতিবছর শীত মৌসুমে দূরদূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিরা এসব বিল ও জলাশয়কে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়।
পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অতিথি পাখির পাশাপাশি দেশীয় পাখি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে পোরশা উপজেলা ফরেস্ট কর্মকর্তা মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন মামলার কারণে তাঁকে প্রায়ই আদালতে ব্যস্ত থাকতে হয়। ফলে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি।
এদিকে পাখি শিকারের এমন অবাধ কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা। তাঁদের দাবি, শুধু আশ্বাস নয়, পাখি শিকার বন্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিকারি ও পাখি বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রকৃতিপ্রেমীদের প্রশ্ন—শীতের অতিথি পাখিরা যদি নিজেদের নিরাপদ আশ্রয়টুকুও না পায়, তাহলে পোরশার বিল-জলাশয়ে তাদের আগমন কত দিন টিকবে?