গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে রংপুরে অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ৬২টি নিমগাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শুক্রবার (২০ নভেম্বর) রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সংলগ্ন, দমদমা এলাকায় এ বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির অংশ হিসেবে একটি অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৬২টি নিমগাছ রোপণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত বিশেষ ইভেন্টে অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে বিডি ক্লিন পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবীরা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। নিজেদের ব্যস্ততা ও ব্যক্তিগত সময়ের কথা বিবেচনা না করে সংগঠনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
07W2tV7.png
অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে শুধু বিশেষ দিবস নয়, বরং প্রতিদিনই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতার চর্চা করা প্রয়োজন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে এ ধরনের ইতিবাচক কর্মসূচি আরও বিস্তৃত হবে এবং বিডি ক্লিন পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকবে।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভালোবাসা, একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিডি ক্লিন পরিবারের সদস্যরা।