নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬'। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে পত্নীতলা ডায়াবেটিস সমিতির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নজিপুর পত্নীতলা ডায়াবেটিস সমিতি চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির কার্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. আবু ওবায়দার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. এস এম গোলাম কায়ছার এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক।
বক্তারা ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো সঠিক জীবনযাপন ও চিকিৎসা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা, রোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।