হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে অন্তত চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি বিশাল আকৃতির সুপারট্যাঙ্কারও রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ প্রণালি দিয়ে চলাচল করতে হলে প্রতিটি জাহাজকে তাদের পূর্বানুমতি নিতে হবে।
তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে ইরানি সামরিক বাহিনী বিস্তারিত কিছু জানায়নি। আইআরজিসি শুধু নিশ্চিত করেছে, দক্ষিণ হরমুজ অঞ্চলে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি সুপারট্যাঙ্কার রয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছিলেন, হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না।
তিনি জানান, ওয়াশিংটন ইসলামাবাদ স্মারকপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাবিগুলো মেনে নিলেই কেবল এ জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।