জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে উন্নত দেশগুলোর পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেছেন, জলবায়ু কার্যক্রমের জন্য অর্থায়ন হতে হবে পর্যাপ্ত, সহজলভ্য ও পূর্বাভাসযোগ্য। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর জন্য এমন সহায়তা প্রয়োজন, যা নতুন করে ঋণের বোঝা তৈরি করবে না।

শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনে ‘জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়ন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শনিবার ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি থেকে শোভন কর্মসংস্থান: সবার জন্য ন্যায়সংগত রূপান্তর এগিয়ে নেওয়া’ শীর্ষক আলোচনায় মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। দেশের বাস্তবতায় ন্যায়সংগত রূপান্তর মানে শুধু স্বল্প-কার্বন অর্থনীতির দিকে অগ্রসর হওয়া নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাও এর অংশ।

তিনি বলেন, জলবায়ু কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জীবিকা রক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। এ প্রক্রিয়ায় কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা যাবে না।

মন্ত্রী জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায়সংগত রূপান্তর নিয়ে পৃথক ও ব্যয় নির্ধারিত অধ্যায় যুক্ত করা হয়েছে। সরকার, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এটি প্রণয়ন করা হয়েছে। জলবায়ু কার্যক্রমের সঙ্গে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিত করাই এর লক্ষ্য।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও উদ্যোক্তা উন্নয়নের সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষি, মৎস্য, গ্রামীণ কর্মসংস্থান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, ন্যায়সংগত রূপান্তরের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমিক, নিয়োগকর্তা, নারী, যুবসমাজ ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন।

নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প, জলবায়ু সহনশীল কৃষি ও প্রতিবেশ পুনরুদ্ধারের মতো খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের জন্য সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান কর্মসংস্থান ও প্রতিযোগিতামূলক সক্ষমতা যাতে এ রূপান্তরের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। বাংলাদেশ প্যারিস চুক্তির অধীন পক্ষগুলোর সম্মেলনের নির্দেশনায় দেশভিত্তিক চাহিদা ও অনুরোধের ভিত্তিতে একটি ন্যায়সংগত রূপান্তর প্রক্রিয়া প্রতিষ্ঠার পক্ষে। এ ক্ষেত্রে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় কমিশন যৌথভাবে আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিতিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহেলদিন, আদিবাসী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থার নির্বাহী পরিচালক জোয়ান কার্লিংসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।