স্বামী আছেন, সংসারও আছে। আছে স্বামীর বসতভিটা, ঘরবাড়িও। অথচ সেই সংসারে স্ত্রী ও দুই সন্তানের ঠাঁই নেই। দীর্ঘ দাম্পত্য জীবনের পর আজ দুই সন্তানকে বুকে আগলে আশ্রয় নিতে হয়েছে বৃদ্ধ ও অসুস্থ বাবা-মায়ের সংসারে। স্বামীর কাছ থেকে মিলছে না ভরণপোষণ, ফিরতে পারছেন না নিজের ঘরেও। স্বামী-সংসার থাকার পরও যেন এক অনিশ্চিত পরবাসে দিন কাটছে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী ধনীপাড়া গ্রামের মোছা. লাভলী আক্তারের।
দুই সন্তানের ভবিষ্যৎ আর নিজের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার আকুতি নিয়ে এখন দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, নির্যাতন, অবহেলা আর আর্থিক অনিশ্চয়তার ভারে তাঁর জীবন যেন ক্রমেই কঠিন হয়ে উঠেছে।
লাভলী আক্তারের অভিযোগ, ২০১৩ সালের ২২ মার্চ মো. রেজাউল করিম রাজুর সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের ঘরে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। কিন্তু ২০২২ সালে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ২০১৯ সালেই দিনাজপুরের মোছা. মনিষা আক্তার নামে আরেক নারীকে বিয়ে করে পৃথক সংসার গড়েছেন।
এরপর থেকেই তাঁদের সংসারে শুরু হয় বিরোধ। লাভলীর দাবি, তাঁকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতনে তাঁর মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে মাথায় সাতটি সেলাই দিতে হয়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। শেষ পর্যন্ত দুই সন্তানকে নিয়ে আশ্রয় নিতে হয় দিনমজুর বাবার বাড়িতে।
লাভলীর অভিযোগ, স্বামী তাঁকে তালাক দেননি, অথচ স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের দায়িত্বও পালন করছেন না। তবে স্বামী মো. রেজাউল করিম রাজু দাবি করেন, তাঁর তৃতীয় বিয়ের বিষয়টি লাভলী আগে থেকেই জানতেন। ভরণপোষণ প্রসঙ্গে তিনি বলেন, বেকার থাকায় গত এক থেকে দুই বছর ঠিকমতো খরচ দিতে পারেননি।
এদিকে স্বামীর বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মুক্তার বিরুদ্ধেও বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টাসহ পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত।
অভিযোগের বিষয়ে নতুন করে মুখ খুলেছেন মোস্তাফিজুর রহমান মুক্তার বাবা মো. খয়রুল আলম। তিনি বলেন, “মোস্তাফিজুর আমাকে বাবা হিসেবে গ্রাহ্য করে না। সে ও তার স্ত্রী আমার সামনেই বড় ভাবি এবং ছোট ছেলের স্ত্রী ও সন্তানদের মারধর করে। প্রায় তিন বছর আগে ছোট ছেলের স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এখন ছোট ছেলের স্ত্রী সন্তানদের নিয়ে তাঁর বাবার বাড়িতে থাকেন। বাবা হিসেবে আমি অসহায়। সে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও তোয়াক্কা করে না।”
একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয় প্রতিবেশী মো. আনোয়ারুল ইসলাম। তাঁর ভাষ্য, সরকারি চাকরির প্রভাব দেখিয়ে মোস্তাফিজুর ও তাঁর স্ত্রী পরিবারের স্বজনদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার ও অত্যাচার করেন। প্রতিবেশীদের সঙ্গেও তাঁদের অসদাচরণের অভিযোগ রয়েছে।
আরেক প্রতিবেশী সাইদুর রহমান বলেন, প্রায় তিন বছর আগে ছোট ভাইয়ের স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় লাভলীর স্বামীরও ইন্ধন থাকতে পারে বলে তিনি মনে করেন। সে সময় লাভলীর পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থান দুর্বল থাকায় বিষয়টির কোনো সুরাহা হয়নি বলেও জানান তিনি।
এ ছাড়া বসতভিটার একটি পাকা ঘর বিক্রি এবং ৭০ হাজার টাকা নেওয়াকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সব মিলিয়ে পারিবারিক এই বিরোধে লাভলী ও তাঁর দুই সন্তান কার্যত এক অনিশ্চিত জীবনের মুখোমুখি।
অভিযোগের বিষয়ে জানতে মো. মোস্তাফিজুর রহমান মুক্তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
অবশেষে আইনি প্রতিকারের আশায় গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন লাভলী আক্তার। স্বামীর কাছ থেকে ভরণপোষণ আদায়, নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
লাভলীর চাওয়া খুব বেশি কিছু নয়। দুই সন্তানকে নিয়ে নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা, মাথা গোঁজার একটু ঠাঁই আর স্ত্রী ও সন্তান হিসেবে প্রাপ্য অধিকার। যে সংসার একদিন ভালোবাসা ও স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, আজ সেই সংসারের দরজাই তাঁর কাছে বন্ধ। স্বামী থাকা সত্ত্বেও স্বামীর আশ্রয়হীন, সংসার থাকা সত্ত্বেও সংসারহারা এই নারীর প্রশ্ন—দুই সন্তানকে নিয়ে তিনি আর কত দিন এভাবে পরের বাড়িতে আশ্রিত জীবন কাটাবেন?