নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় মেরামতের জন্য রাখা ট্রেন থেকে থেকে আস্ত জানালা চুরির দায়ে এক শ্রমিককে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে কারখানার ক্যারেজ সপে (উপ কারখানা) এই ঘটনা ঘটেছে। আটক শ্রমিকের নাম মো. শাহান মন্ডল (৩২)। তিনি সৈয়দপুর শহরের গোলাহাট রেলওয়ে কলোনীর ৯৯২ নং কোয়াটারের বাসিন্দা এবং মৃত শহিদুল ইসলাম মন্ডলের ছেলে। একজন টিএলআর (অস্থায়ী কর্মচারী) হিসেবে তিনি দীর্ঘদিন থেকে কারখানায় কর্মরত। পরিবারের দাবি মাদকাসক্ত হওয়ায় তিনি এই চুরির ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, কারখানায় সংষ্কারের জন্য আসা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের কোচগুলো থেকে প্রায়ই বিভিন্ন যন্ত্রাংশ ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। কিন্তু নিশ্চিত হওয়া যায়নি কারা এই চুরির সাথে জড়িত। তাই গত প্রায় ১ মাস যাবত এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সাদা পোষাকে তদন্ত করাসহ হিডেন সিসি ক্যামেরা সংযোজন করে। এরই প্রেক্ষিতে ক্যারেজ সপে রক্ষিত ১৮ টি কোচের র‌্যাকে চুরির সময়ের একটি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় চুরির বিষয়। এরপর সেই ফুটেজ নিরিক্ষণ করে টিএলআর কর্মচারী শাহান মন্ডলকে জিজ্ঞেসাবাদ করা হয়। এতে তিনি চুরির কথা স্বীকার করেন। সে অনুযায়ী তাকে আটক করে মামলা দায়ের করা হয়। সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধিন।
এর আগে গত ১২ অক্টোবর (সোমবার) রেলপথ মন্ত্রীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে আসার আগের দিনও আরএনবি সদস্যরা কারখানার গেটে এক স্থায়ী কর্মচারীকে চুরিকৃত মালামালসহ আটক করে। বেলাল হোসেন নামের ওই কর্মচারী কারখানার পেইন্ট সপে কর্মরত। তার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগি জিওএইচ সপের কর্মচারী মাজেদুল ইসলামও এই চুরির সাথে জড়িত। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত অব্যাহত আছে। সত্যতা প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর কমান্ডার মোখলেছুর রহমান সরকার ববি জানান, সিসি টিভি ফুটেজে দেখা যায় শাহান মন্ডল আস্ত জানালা খুলে নিয়ে ভেঙ্গে ক্যারেজ সপের সাথেই রেলওয়ে স্টোর সপের দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করে সেতু কারখানার সামনের পুকুরে ফেলেছে। জিজ্ঞেসাবাদের সময় তিনি এসব স্বীকার করেছেন। এর প্রেক্ষিতেই তাকে আটক করে মামলা দেওয়া হয়েছে। কারখানার নিরাপত্তা রক্ষা তথা চুরির ঘটনা রোধে আমরা সক্রিয় আছি।
এমন চুরির ঘটনাশ পুরো কারখানাসহ সৈয়দপুরের রেলওয়ে অঙ্গনে ব্যাপক তোলপার চলছে। সেই সাথে একই রকম চুরির সাথে জড়িত হওয়া সত্বেও স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে পৃথক ধরণের ব্যবস্থা নেওয়া নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থায়ী কর্মচারীদের পুুলিশের হাতে তুলে না দিয়ে সাময়িক বরখাস্ত করা আর অস্থায়ীদের সরাসরি মামলা দিয়ে জেলে পাঠানোর বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই সাথে এসব চুরির সাথে আরএনবি সদস্যরাও জড়িত বলে প্রশ্ন উঠেছে। কেননা জানালার মত জিনিস ট্রেন থেকে খুলে নিয়ে কারখানার বাইরে পাচার করা আরএনবি সদস্যদের সহায়তা ছাড়া কোনভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করছেন সচেতন মহল। তাই এব্যাপারে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, আমি আসার পর থেকে কারখানার চুরির বিষয়টি গুরুত্বসহ দেখেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তাই বেশ কয়েকটি চুরির ঘটনায় কয়েকজনকে আটক করে বরখাস্ত করা ও মামলা দিয়ে কারগারে পাঠানো হয়েছে। এখন তেমন চুরির ঘটনা নেই তবে মাঝে মাঝে দুই একজন আটক হচ্ছেন। আশা করি আরএনবি সদস্যরা আরও সক্রিয় হলে আর চুরি হবেনা।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন, কারখানায় চুরির ঘটনায় আরএনবি একজন অস্থায়ী কর্মচারীকে আটক করেছেন এবং আমাদের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আরএনবির নায়েক সায়েক সিরাজ বাদি হয়ে মামলা দায়ের করছেন। এখন পর্যন্ত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।