নীলফামারীর সৈয়দপুরে আগুনে একটি পরিবারের ছয়টি ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হিন্দু পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, হিন্দুপাড়ার মৃত নিতাই শীলের বাড়িতে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে বাড়ির ছয়টি ঘর পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, কাপড়, নগদ তিন লাখ টাকা, চাল ডালসহ সব কিছু ছাই হয়ে গেছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সর্বস্ব পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। আগুনে মোট প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারটির।