মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) থেকে হাটহাজারী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে উপজেলার নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা এবং ফতেহপুর ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। একইসাথে পৌরসভা ও অন্যান্য ইউনিয়নের তথ্য সংগ্রহ কার্যক্রমও চলমান আছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহকারীরা ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করবেন। প্রতিটি পরিবারকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
ফ্যামিলি কার্ড করতে যা যা লাগবে:
১.পরিবারের সকল সদস্যের NID কার্ড সাথে রাখবেন।২. যাদের NID নেই, তাদের জন্ম নিবন্ধন সনদ রাখবেন।৩. একটি সচল মোবাইল নম্বর দিতে হবে।৪. ঐ মোবাইল নম্বরে বিকাশ বা নগদ একাউন্ট থাকতে হবে।৫. পরিবারের সকলের সঠিক তথ্য দিতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়, তথ্য সংগ্রহকারীরা অথবা অন্য কেউ ফ্যামিলি কার্ড দিতে পারবেনা। তাঁরা শুধু তথ্য সংগ্রহ করে সরকারকে দিবে। সরকারের নির্ধারিত সিস্টেম সেই তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে উপকারভোগী নিশ্চিত করবেন। তাই কেউ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা চাইলে, উপজেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সঠিক তথ্য দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।