ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, গণহত্যার শিকার পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে গণহত্যাকারী আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে পালিয়ে গিয়ে আধিপত্যবাদীদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। দলটির পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াওসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, ওয়ান-ইলেভেনের ঘটনার পর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশবিরোধী বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে পিলখানা, শাপলা চত্বর ও জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ন্যায়বিচারের কথা বিবেচনা না করে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।
হেফাজতে ইসলামের নেতারা আরও বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। এমনকি ১৯৯৬ সালে প্রতারণামূলক ক্ষমতার পথ বেছে নেওয়ার পরও তারা শিক্ষা নেয়নি। ফলে বিগত শাসনামলে ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রক্ষমতা দখলের পর বছরের পর বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে কোনো রাজনৈতিক দলের আর রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ ছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বৈরশাসনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়েও আপত্তি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেই তাদের ধারণা।
বিবৃতিতে স্বাক্ষর করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।