নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা থেকে পৌরসভার দত্তপাড়া হয়ে ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, ভাঙচুর পিচ ও বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তের কারণে সড়কটি এখন স্থানীয়দের কাছে অনেকটা “মরণফাঁদে” পরিণত হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করলেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষ ও যানবাহনের।
সরেজমিনে দেখা গেছে, সোনারগাঁ থানা থেকে দত্তপাড়া হয়ে জাদুঘরের দিকে যাওয়ার সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। ফলে যানবাহন চলাচলের সময় পথচারী ও শিক্ষার্থীদের ছিটকে পড়া নোংরা পানিতে ভিজতে হচ্ছে। শুকনো মৌসুমে যানবাহন চলাচলের কারণে ধুলাবালিতেও অতিষ্ঠ হয়ে উঠছেন পথচারীরা।
এই সড়কটি শুধু স্থানীয় মানুষের যাতায়াতের পথ নয়, ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যাতায়াতের অন্যতম সড়ক। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ এ পথ ব্যবহার করেন। পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরাও সড়কটি ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে ভাঙন ও গর্ত তৈরি হলেও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার ও যাতায়াত করছে।
স্থানীয় বাসিন্দা হাসনাইন বলেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার অবস্থা দেখলে মনে হয়, এটি কোনো গুরুত্বপূর্ণ এলাকার সড়ক নয়। রাতের বেলায় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের অভিযোগ সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহনের গতি কমে যাচ্ছে এবং অনেক সময় যানজটও সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ঝাঁকুনিতে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলেও তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি।
এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হোক। শুধু সাময়িকভাবে গর্ত ভরাট না করে টেকসইভাবে সড়ক সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে। কারণ প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি অবহেলায় ফেলে রাখলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি কবে সংস্কার হবে, নাকি দুর্ঘটনার পরই কর্তৃপক্ষের টনক নড়বে? এমন প্রশ্ন ছুড়ে দেন এলাকাবাসী।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী মোশাররফ হোসেন বলেন, কিছুদিন আগে আমি নিজের অর্থায়নে এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ভরাট করেছি। টানা বৃষ্টির কারনে সড়কটি পূনরায় বেহাল দশায় পরিনত হয়েছে। ইতোমধ্যে স্থানীয় এমপি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে সড়কটি নিয়ে কথা বলেছি। আশা করছি আগামী ডিসেম্বর মাসে রাস্তাটি সংস্কারের বরাদ্দ পাবে পৌরবাসী।