নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদে মো. ফারুক হোসেন (যুবক) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর গত শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় নিহতের মরদেহ নিয়ে এশিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনেরা। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তাঁর বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাঁকে একটি স্থানে আটকে রাখা হয়। একপর্যায়ে চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞা হারান।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তাঁর মরদেহ নিয়ে মহাসড়কে নেমে আসেন স্বজন ও এলাকাবাসী। তাঁরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ফারুকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।