পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মুক্তির বিনিময়ে জনপ্রতি এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজন ও ফিরে আসা জেলেরা।
শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ; ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান; কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী; সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
জেলেদের স্বজন ও অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। সেখান থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য জনপ্রতি এক লাখ টাকা করে দাবি করা হয়েছে। অন্যদিকে, নৌকা নিয়ে বনের ভেতরে একা থাকা সুরাত আলীর মুক্তিপণ তুলনামূলক কম দাবি করা হলেও নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, কয়েকজন জেলেকে অপহরণের বিষয়টি তাঁরা জেলেদের মাধ্যমে জানতে পেরেছেন। তাঁদের উদ্ধারে বন বিভাগের টহল দল সুন্দরবনের ভেতরে অভিযান চালাচ্ছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বন বিভাগের একার পক্ষে কঠিন বলেও জানান তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, জলদস্যুদের হাতে জিম্মি হলে সাধারণত জেলেদের পরিবার গোপনে সমঝোতার মাধ্যমে তাঁদের মুক্ত করার চেষ্টা করে। এ কারণে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেরা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে চান না। তবে মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনায় অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে তাঁদের পরিবার ও স্বজনেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।